এবার ক্ষমা চেয়ে প্রচারণা!

ভারতীয় বাংলা চ্যানেলের রিয়্যালিটি শো থেকে উঠে আসা গায়ক মাঈনুল আহসান নোবেল এবার পুরোনো স্ট্যাটাসের জন্য ক্ষমা চাইলেন।

স্বীকার করে নিলেন ‘বিতর্কিত’ ফেইসবুক স্ট্যাটাস দিয়ে মূলত নিজের নতুন গান ‘তামাশা’র প্রচারণাই করেছেন। কিন্তু সমালোচনার মুখে ক্ষমা চেয়ে সেই গানের প্রচারণাই করলেন!

সপ্তাহখানেক আগে নোবেল লেখেন, “দু-বছর আগে জন্ম নিয়েছি আপনাদের ভালোবাসা নিয়ে। দু-বছরে ফ্লপ/হিট গানের সংখ্যা দুই। তোমার মনের ভেতর - অনুপম রায় (National Award winner) আগুনপাখি - শান্তনু মৈত্র (National Award winner)। তোমাদের লেজেন্ড গত দশ বছর ধরে কয়টা ফ্লপ অথবা হিট রিলিজ করেছে কমেন্টস্ সেকশানে জানাও।”

এরপরই বলেন, “থুক্কু বাংলাদেশে তো গত ১০ বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি। দাঁড়াও তোমার লেজেন্ডদের না হয় আমিই শিখাবো, কিভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়।”

এমন পোস্টের পরেই সমালোচনার ঝড় উঠে। সংগীত অঙ্গনের অনেকেই নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

আরেক পোস্টে লেখেন, “আগেরবার controversy-তে ১ মিলিয়ন হয়েছিল। দেখি এইবার ২ মিলিয়ন হয় নাকি! সাব্সক্রাইব করে সাথে থাকুন! শীঘ্রই রিলিজ হচ্ছে ‘তামাশা’।” আরও শেয়ার করেন শাফিন আহমেদ ও ফুয়াদ আল মুক্তাদিরের ‘লেজেন্ড’ শিরোনামের নাম নিয়ে সাজানো বিতর্কের ভিডিও ও সেই গানটি।

রবিবার ফেইসবুকে ভিডিও বার্তায় জানান, যা করেছেন নিজের গানের প্রচারণায় করেছেন। সেটা বাড়াবাড়ি হয়ে গেছে। তার মন্তব্যে অনেকেই আঘাত হয়েছেন। তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছেন।

অন্য একটি স্ট্যাটাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেনে আনায় সে দেশের সোশ্যাল সাইট ব্যবহারকারীদের তোপের মুখে পড়ে ক্ষমা চেয়ে স্ট্যাটাস মুছে দেন নোবেল। তবে দেশের সংগীত ব্যক্তিত্বদের আক্রমণ করে লেখা পোস্ট এখনো তার ওয়ালে রয়েছে।

এ দিকে নোবেল সম্পর্কে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের এডিসি নাজমুল ইসলাম নিজের ব্যক্তিগত প্রোফাইলে লেখেন, “জনাব, নোবেলম্যান! আপনার পেজের অনেক পোস্ট দেখলাম। দেশের মানুষ আপনাকে ভালবাসে, আপনার কাছ থেকে অনেকেই অনেকভাবে শিখে। আমি একজন সাইবার কপ হিসেবে আশা করি যে, আপনি আপনার পোস্টের মাধ্যমে সাইবার এথিক্স মেনে এ দেশের একজন সম্মানিত ব্যক্তি ও গুণীজন হিসেবে সাইবার রিজিলিয়েন্ট সমাজ বিনির্মানে প্রত্যক্ষ ভূমিকা রাখবেন। আপনি ভালো থাকুন!”

শোনা যাচ্ছে, এই গায়ককে র‌্যাব-২ কার্যালয়ে ডেকে নেওয়া হয়েছে। সেখানে তিনি জানান, ‘মার্কেটিং পলিসি’ হিসেবেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট দিয়েছেন। এ জন্য তিনি প্রথমেই ক্ষমা চেয়ে নেন।

দুই বছরের ক্যারিয়ারে নোবেলের মৌলিক গানের সংখ্যা দুটি। তিনি বরাবরই বিখ্যাত গায়কদের কাভার করে এসেছেন। সম্প্রতি আসিফ আকবরের আইকনিক গান ‘এখনো মাঝে মাঝে’ কাভার করে ইউটিউবে প্রকাশ করেছেন।