লকডাউনে আইন ভেঙে ক্ষমা চাইলেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট

লকডাউনের বিধি নিষেধ ভাঙায় জনগণের কাছে ক্ষমা চেয়েছেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার ভ্যান দের বেলেন। নির্দিষ্ট সময়ের পরও তিনি রেস্টুরেন্টে অবস্থান করছিলেন।

বিবিসি জানায়, করোনা পরিস্থিতিতে রাত ১১ টার মধ্যে রেস্টুরেন্ট বন্ধ করে দেয়ার বিধি আরোপ করা হয় দেশটিতে। কিন্তু অ্যালেক্সান্ডার মধ্যরাত পর্যন্ত রাজধানীর ভিয়েনার একটি রেস্টুরেন্টে অবস্থান করছিলেন।

এই ঘটনায় সমালোচিত হন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট। এই জন্য তিনি মানুষের কাছে ‘সরি’ বলেন।

৭৬ বছর বয়সী অ্যালেক্সান্ডার জানান, একটি ইতালিয়ান রেস্টুরেন্টে তিনি বন্ধুদের সঙ্গে আলাপ করছিলেন। এতে ভুলক্রমে তিনি আইনভঙ্গ করে ফেলেছেন।

তিনি বলেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। এটি আমার ভুল। লকডাউনে এটিই প্রথমবার আমি বাইরে গিয়েছিলাম আমার স্ত্রী এবং দুই বন্ধুর সঙ্গে। তাদের সঙ্গে কথা বলতে গিয়ে সময়ের কথা ভুলে যাই আমি।

ইতালির পরপর ইউরোপের যে কয়টি দেশ করোনা পরিস্থিতি মোকাবিলা করতে দেশজুড়ে লকডাউন আরোপ করেছিল, অস্ট্রিয়া তার মধ্যে একটি। এর মধ্যে কিছু ক্ষেত্রে লকডাউন শিথিলও করা শুরু করেছে দেশটি।

গত সপ্তাহে শিথিল লকডাউনে সরকার নতুন আইন করে রেস্টুরেন্ট, ক্যাফে বা খাবারের দোকানগুলো রাত ১১টা পর্যন্ত খোলা রাখতে পারবে।