ঈদের দিন ছুটির কারণে নমুনা সংগ্রহ ও পরীক্ষায় ভাটা পড়ায় কমেছে করোনাভাইরাসে সংক্রমিত হওয়া দৈনিক রোগীর সংখ্যা। তবে পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার বেড়েছে প্রায় এক শতাংশ।
কভিড-১৯ নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিনে তুলে ধরা তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় মোট ৪ হাজার ৪১৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের দিনের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৪০৭টি নমুনা।
তাতে ১ হাজার ১৬৬ জনের মধ্যে সংক্রমণ শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়ে ২১ জনের।
এর আগের চব্বিশ ঘণ্টায় তথা সোমবার সকাল ৮টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছিল ১১ হাজার ৫৪১টি; পরীক্ষা করা হয়েছিল ৯ হাজার ৪৫১টি।
তাতে একদিনের হিসেবে রেকর্ড ১ হাজার ৯৭৫ জনের শরীরে কভিড-১৯ এর সংক্রমণ ধরা পড়ে। এদিনও মৃত্যু হয়েছিল ২১ জনের।
ঈদের কারণে সবশেষ চব্বিশ ঘণ্টায় নমুনা সংগ্রহ ও পরীক্ষা কম হলেও করোনা শনাক্তের হার আগের দিনের তুলনায় প্রায় এক শতাংশ বৃদ্ধি পেয়েছে; ২১.৫৬ শতাংশ। সোমবার পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ছিল ২০.৬১ শতাংশ।
নতুন করে এগারোশো ছাড়ানো আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩৬ হাজার ৭৫১ জন। এর মধ্যে নতুন ২১ মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২২ জন। নতুন ২৪৫ জনসহ মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৭৯ জন।
বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।