ক্যারিয়ারের ১৫ বছরে ‘এমআর ফিফটিন’ ফাউন্ডেশন ঘোষণা মুশফিকের

আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার ১৫ বছর পূরণ করলেন মুশফিকুর রহিম। মঙ্গলবার এ উপলক্ষে নিজের স্বপ্নের সেবামূলক ফাউন্ডেশন তৈরির ঘোষণা দিয়েছেন দেশের ক্রিকেটের ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত এই ক্রিকেটার। মুশফিক জানিয়েছেন তার ফাউন্ডেশন নাম হবে- ‘এমআর ফিফটিন’।

২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল মুশফিকের। ১৫ বছর পূর্তি উপলক্ষে এদিন রাত ১০টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেজ থেকে ভক্তদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছিলেন মুশফিক। সেখানেই সেবামূলক ফাউন্ডেশন তৈরির ঘোষণা দেন মুশফিক।

বলেন, ‘এখন এমন একটা সময়, যেখানে আমার মনে হয় আপনাদেরকে প্রতিদান দেওয়ার অনেক কিছু আছে। সেই প্রতিদান দেওয়ার জন্যই কিছু পদক্ষেপ আমি হাতে নিয়েছি। প্রথম পদক্ষেপ হচ্ছে- আমার স্বপ্নের ‘এমআর ফিফটিন’ ফাউন্ডেশন তৈরি করা। ইনশা আল্লাহ আপনারা জেনে খুশি হবেন, খুব শীঘ্রই এটি আমি লঞ্চ করতে যাচ্ছি।’

১৫ বছর পূর্তি উপলক্ষে ভক্তদের জন্য সারপ্রাইজ নিয়ে আসছেন বলে আগেই জানিয়েছিলেন মুশফিক। সেই সারপ্রাইজের কথা মুশফিক জানালেন এভাবে, ‘আপনাদের জন্য যে সারপ্রাইজটা আমি দিতে চাই, সেটি হলো যেহেতু এই পুরো ক্যারিয়ার জুড়ে আপনারাই আমার শক্তি, আপনাদের অনুরোধ জানাচ্ছি আমি, এমআর ফিফটিন ফাউন্ডেশনের জন্য লোগো নির্বাচন করার জন্য।’

‘অবশ্যই আমাকে লোগো নির্বাচন করে পাঠিয়ে দিন। আপনারা এই লোগো ডিজাইন করে পাঠিয়ে দেবেন, আমি এই লোগো ডিজাইন থেকে পারসোনালি পাঁচ জনকে নির্বাচন করব এবং তারা সুযোগ পাবেন আমার সঙ্গে ডিনার করার। ইনশা আল্লাহ অবশ্যই করোনা পরিস্থিতি সব ঠিক হয়ে গেলে, ঢাকায় যে কোনো একটা ফাইভ স্টার হোটেলে। সেই পাঁচ জন থেকে আমি একজনকে নির্বাচন করব, যিনি পাবেন আমার অটোগ্রাফ যুক্ত একটি জার্সি এবং তার সেই লোগো আমার ‘এমআর ফিফটিন’ ফাউন্ডেশনের জন্য এবং তা ছাড়াও আমার সকল সামাজিক যোগযোগ মাধ্যমের প্ল্যাটফর্মে ব্যবহার করা হবে।’

মুশফিক আরো বলেন, ‘আমি চাই আমার যারা ফ্যানস আছেন, তারাই লোগোটা ডিজাইন করুণ। এবং আমাকে পাঠিয়ে দিন।’

‘আর দেরি না করে আপনারা যেভাবে পারুন, লোগোটি ডিজাইন করুণ। সেটি হতে পারে আমার কোনো শট, আমার কোনো পিকচার, আমার কোনো সেলিব্রেশনের ছবি। আপনারা সেটি ডিসাইড করে আমাকে সেন্ট করবেন। এই লাইভ শেষে আমি শীঘ্রই জানিয়ে দেব কীভাবে, কোথায়, কতদিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে।’