গোবর ফেলা নিয়ে ঝগড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

গোবর ফেলাকে কেন্দ্র করে চট্টগ্রামের আনোয়ারায় এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের পশ্চিম বৈরাগ গ্রামের হুন্দ্বীপপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মাসুদুল ইসলাম সিকদার (১৮) ওই এলাকার নুরুল আনোয়ার সিকদারের ছেলে এবং দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসির ফলপ্রার্থী। ভিটেবাড়ি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নুরুল হক (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত মাসুদের বাবা নুরুল আনোয়ারের সাথে প্রতিবেশী নুরুল হকের ভিটেবাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে বিরোধীয় ওই স্থানে প্রতিবন্ধী মাসুদ গোবর ফেলাতে গেলে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে তার উপর হামলে পড়ে। প্রতিপক্ষের এলোপাতাড়ি লাঠির আঘাতে মাসুদের নাক-মুখে রক্তক্ষরণ হলে মাটিতে লুটে পড়ে যায়।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা নুরুল আনোয়ার বলেন, বিরোধীয় ওই জায়গা আমার কেনা সম্পত্তি। সেখানে আমার ছেলে গোবর ফেলাতে গেলে নুরুল হকের ছেলে এমরান, ওসমান,হারুন ও তার ছেলে মিশু তাকে পিটিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নুরুল হক নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।