ধাওয়ান জানালেন, এই সতীর্থের সঙ্গে তার সম্পর্ক ‘স্ত্রীর মতো’

ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান বলেছেন, জাতীয় দলে তার ওপেনিং পার্টনার মুরালি বিজয়ের সঙ্গে সম্পর্কটা স্ত্রীর মতো!

করোনা ভাইরাসের কারণে মাঠে ক্রিকেট নেই। লকডাউনে বন্দি তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত হাজির হচ্ছেন। সম্প্রতি শিখর ধাওয়ান এক ইন্সটাগ্রাম লাইভ চ্যাটে তার জাতীয় দলের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে আড্ডা দেন।

সেই আড্ডায় ওপেনিং পার্টনারদের নিয়ে কথা বলেছেন শিখর ধাওয়ান। রসিকতার জন্য বেশ পরিচিতি রয়েছে তার। আড্ডায় ওপেনিং পার্টনারদের সঙ্গে তার রসায়ন একেবারে স্ত্রীর মতো বলে ধাওয়ান মন্তব্য করেন।

এমনকি মুরলি বিজয়কে নাকি একবার ধাওয়ান বলেছিলেন, ‘তুমি আমার স্ত্রীর মতো।’

পাশাপাশি মুরলি বিজয়ের প্রশংসাও করেন ধাওয়ান। মাঠে ও মাঠের বাইরে তারা দুজন খুব ভালো বন্ধু বলে জানান বাঁহাতি ওপেনার ধাওয়ান।