জনপ্রিয় মডেল ও চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস পিয়া ঘরে থেকে সাহায্য করছেন অসহায় মানুষদের। ‘এক মুঠো আলাপে’ আজ কথা বললেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান।
ঘরবন্দী সময় কেমন কাটছে?
আমার বাসায় থাকতে খারাপ লাগে না। ভালোই লাগে। ছোটবেলা থেকেই বাসায় থাকার সময় খুব কম পেয়েছি। কাজ করার কারণে বাসায় সেভাবে সময় দেওয়া হয়নি। ঘরবন্দি সময়ে আমার কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু পুরো পৃথিবীই যেহেতু থমকে গেছে, সারা দুনিয়ার মানুষের আহাজারি আমাকে ভাবিয়ে তুলছে।
এই মুহূর্তে কী পড়ছেন? কী দেখছেন?
সম্প্রতি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘গয়নার বাক্স’ পড়ে শেষ করেছি। সৈয়দ শামসুল হকের একটি বইসহ বেশ কিছু বই পড়েছি। অনুপ্রেরণামূলক বই আমার ভালো লাগে-আনিসুল হকের ‘সফল যদি হতে চাও’ বইটি পড়ে শেষ করলাম। এ ছাড়া অনলাইন সিরিজ ও বেশ কিছু সিনেমাও দেখা হলো এই সময়ে।
গৃহস্থালি কাজ সামলাচ্ছেন কীভাবে?
বাসার কাজ করার পাশাপাশি অন্য কাজও করি। ওয়ার্ডরোব গুছানো, বই গুছানো, সু র্যাক গুছানোসহ ঘরের নানা কিছুই গুছিয়েছি। আর রান্না-বান্না তো চলছেই।
করোনায় দুস্থদের মাঝে সহায়তা…
এই সময়ে আমি মনে করেছি অসহায়দের পাশে দাঁড়ানো উচিত। সেই জায়গা থেকে কিছু মধ্যবিত্ত পরিবারকে সহায়তা করেছি। আমি ফেসবুকে ঘোষণা করেছিলাম, সেই সোর্স থেকে অনেকেই আমাকে ইমেইল করেছ সাহায্য চেয়ে। যতটুকু সম্ভব সাহায্য করেছি। শুধু আমি একা নই, এই কর্মকাণ্ডের সঙ্গে আমার অন্য বন্ধুরাও সম্পৃক্ত রয়েছেন।
অসমাপ্ত কাজগুলো…
পুরো পৃথিবীই যেখানে থমকে গেছে সেখানে আমাদের কাজও পিছিয়ে যাবে এটাই স্বাভাবিক। করোনার কারণে অনেক কাজ পিছিয়ে গেছে। কিছু ব্রান্ডের কাজ ছিল, সেগুলো পিছিয়ে গেছে। পিভিসির কাজ ছিল, ওভিসির কাজ ছিল-সবগুলোই পিছিয়ে গেল। এর বাইরে ‘স্বপ্নবাজি’ সিনেমার কাজও থমকে গেছে। ‘মাসুদ রানা’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল সেটাও শুরু হতে পারেনি।
করোনা সচেতনতায় আপনার বার্তা…
করোনার এই সময়ে নিজের নিরাপত্তা নিজেকেই রাখতে হবে। সরকার আস্তে আস্তে সব খুলে দিচ্ছে। এ ছাড়া উপায়ও নাই। কারণ শ্রমজীবী মানুষের শ্রমের ওপরই আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে। যারা বাসায় থেকে লাইফ চালাত পারবেন তারা বাসায় থাকবেন। যাদের বাসায় থেকে চলবে না তারা বাইরে বের হবেন। সতর্কতা নিয়েই বাইরে বের হবেন, মাস্ক পরবেন, দূরত্ব বজায় রেখে চলবেন। বারবার হাত ধোবেন। আর উপসর্গ দেখা দিলে অবশ্যই টেস্ট করিয়ে নেবেন। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন।