‘ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি, জানি না কী হবে’

জনপ্রিয় মডেল ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন কথা বললেন ‘এক মুঠো আলাপে’। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান।

জন্মদিন….

জন্মদিন ভালো কেটেছে। আমি গতকাল রাতে আমাদের গ্রামের বাড়ি ঘোড়াশালে চলে যাই। আব্বু আম্মুর সঙ্গে রাতটা কাটিয়ে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেখানে বউ বাচ্চা সবাই অপেক্ষা করছে।

ঈদ কেমন কাটল?

এবারের ঈদটা অন্যরকম ছিল। ঘরেই ঈদের নামাজ পড়েছি। সারা দিন পাঞ্জাবি পরে ঘরেই কাটিয়েছি। এবারই প্রথম সারা দিন পাঞ্জাবি পরে ঘরের ভেতর থাকা হলো। আরেকটা ঘটনা ঘটল প্রথমবারের মতো সেটা হলো, আমি কখনো ঈদের দিন ঘুমাই না। কিন্তু এবার ঘুমালাম। এ ছাড়া ঘরে বসেই লাইভে অংশ নিয়েছি।

কাজে ফেরার চিন্তা…

লকডাউন তো খুলে দিল। এখন সামনে শুটিংয়ের বিষয়ে কি সিদ্ধান্ত হয় তার ওপর নির্ভর করছে কাজে ফিরতে পারব কিনা। আর যে পরিস্থিতি, আমরা সবাই ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি- জানি না কি হবে।

ঘরবন্দি সময়…

ঘরবন্দি সময়ে সবারই প্রায় একই রকম কাটছে। এত দিন তো রোজা থাকায় রোজাটা ঠিকঠাক পালন করতে পারছি। এর বাইরে মুভি দেখছি, সিরিজ দেখছি। বাসায় নানা কাজে সাহায্য করছি। বন্ধু-বান্ধবদের সঙ্গে ফোনে কথা বলছি। এভাবেই কেটে গেছে সময়।

নতুন সিনেমা ‘আগামীকাল’

গত বছরের শেষের দিকে সিনেমাটির কাজ শুরু হয়। এ বছর লকডাউনের আগেই ডাবিং শেষ হয়। আর নিজের চরিত্র নিয়ে বলতে গেলে বলব, এটা একেবারেই ডিফরেন্ট একটা চরিত্র। সাইকো থ্রিলার একটা গল্প।

‘আকবর’ সিনেমা নিয়ে…

আমার জন্মদিন উপলক্ষে একটি পোস্টার প্রকাশ করেছেন পরিচালক। এ জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। আমি মনে করি আমার ক্যারিয়ারের অন্যতম সিনেমা হয়ে থাকবে ‘আকবর’।