করোনায় মৃত্যুবরণ করা ১৪ পুলিশ সদস্যের পরিবারকে ওয়ালটনের অনুদান

চলমান মহামারি করোনায় মৃত্যুবরণ করা ১৪ পুলিশ সদস্যের পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দিয়েছে ওয়ালটন গ্রুপ। 

বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের কাছে অনুদানের টাকা তুলে দেয় ওয়ালটন গ্রুপের প্রতিনিধি। 

এ সময় ঢাকা রেঞ্জ ডিআই‌জি হা‌বিবুর রহমানসহ উর্ধ্বতন পু‌লিশ কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা দেশ রূপান্তরকে জানান, করোনায় বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ও অসামান্য অবদানের কথা উল্লেখ করে ওয়ালটন গ্রুপের প্রতিনিধিরা বলেছেন, বাংলাদেশ পুলিশের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত। 

তিনি বলেন, এ সময় বাংলাদেশ পুলিশের পাশে দাঁড়ানোর জন্য ওয়ালটন গ্রুপের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আইজিপি।