চীন ও ভারতের মধ্যকার বিদ্যমান উত্তেজনায় দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি চিনপিং সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়ার এক দিনের মাথায় বুধবার এ প্রস্তাব দেন ট্রাম্প। বুধবার টুইটারে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমরা ভারত ও চীন দুই দেশকেই জানিয়েছি যে, যুক্তরাষ্ট্র তাদের মধ্যকার ক্রমবর্ধমান সীমান্ত বিরোধে মধ্যস্থতা করতে প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম। আপনাদের ধন্যবাদ!’
দুই দেশের উত্তেজনার মধ্যে দৃশ্যত আগ বাড়িয়ে এ মধ্যস্থতার প্রস্তাব দিলেন ট্রাম্প। এর আগে দফায় দফায় কাশ্মীর ইস্যুতে পাকিস্তান ও ভারতের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। ওই প্রস্তাব দিল্লি প্রত্যাখ্যান করলেও চীনের সঙ্গে মধ্যস্থতার প্রস্তাব নিয়ে এখনো মুখ খোলেনি ভারত।