টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখন আর খুব একটা মাথা ঘামাচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের সব চিন্তা এখন ভারত সিরিজ নিয়ে। তাই সিরিজের অনেক আগেই ভারত সিরিজের সূচি ঠিক করে ফেলেছে দেশটির ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছিল, হয়তো একটি মাঠেই হবে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের চার ম্যাচ। আবার এক টেস্ট বাড়িয়ে পাঁচ ম্যাচের সম্ভাবনাও জেগেছিল, যদিও সেটা শুরুতেই থেমে যায় ভারতের অনীহায়। বাড়তি ম্যাচের সম্ভাবনা থামলেও সিরিজটি কিন্তু এক ভেন্যুতে থেমে থাকেনি। গতকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়া সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এই টেস্ট সিরিজ চার ভেন্যুতেই হচ্ছে বলে জানা গেছে। প্রথম টেস্ট শুরু ৩ ডিসেম্বর থেকে ব্রিসবেনে।
সূচি ঠিক হয়ে গেলেও এখনো করোনা-পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ওপর নির্ভর করছে সফরটি। শেষ পর্যন্ত যদি এই সফর হয়, তাহলে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্টও খেলবে ভারত। অস্ট্রেলিয়া সংবাদমাধ্যম বলছে, আজ আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করবেন অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কেভিন রবার্টস। ব্রিসবেনে প্রথম টেস্টের পর ১১ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে হবে দুই দলের প্রথম দিন-রাতের টেস্ট। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট শুরু ২৬ ডিসেম্বর। আর ৩ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হবে চতুর্থ টেস্ট। সিরিজে কোন ভেন্যুতে খেলা হবে তার জন্য বিড হয়েছিল। তাতে পার্থ স্টেডিয়ামকে হারিয়ে সিরিজের প্রথম ম্যাচ আয়োজনের স্বত্ব পেয়েছে ব্রিসবেনের গ্যাবা। এমনটাই চেয়েছিলেন দলের অধিনায়ক টিম পেইনও। কারণ, গ্যাবায় গত ৩০ বছরে কোনো টেস্ট হারেনি অজিরা। ১৯৮৮ থেকে আজ পর্যন্ত মাঠটিতে টেস্ট জয়ের ধারাবাহিকতা রেখেছে দলটি। ইন্টারনেট।
আবার ভারত এখানে ছটি টেস্ট খেলে একটিতে ড্র করেছে এবং পাঁচটিতে হেরেছে। তাই মাত্র দুই বছরের পুরনো হয়েও পার্থ পিছিয়ে গেল। এছাড়া ভারতের বিপক্ষে গত সিরিজে টেস্ট ম্যাচ পেয়েছিল পার্থ, সেবার ব্রিসবেনে কোনো ম্যাচ হয়নি। ভারত সিরিজ না পেলেও আফগানিস্তানের বিপক্ষে ঘরোয়া গ্রীষ্ম শুরুর পুরস্কার দেওয়া হয়েছে পার্থকে। ২১ নভেম্বর থেকে আফগানদের সঙ্গে অস্ট্রেলিয়ার এক টেস্টের সিরিজ হবে এ মাঠে।
আর ভারতের বিরুদ্ধে গোলাপি বলের টেস্ট খেলার ব্যাপারে অনেক আগে থেকেই আগ্রহ দেখিয়ে আসছে অস্ট্রেলিয়া। ইডেনে বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রথম দিবারাত্রির টেস্ট হওয়ার পরই ভারতীয় বোর্ডকে গোলাপি বলের টেস্ট খেলার প্রস্তাব দিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। সামনের সিরিজে তাদের ইচ্ছা পূরণ হতে চলেছে।
ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সম্ভাব্য সূচি : প্রথম টেস্ট ৩ ডিসেম্বর (ব্রিসবেন), দ্বিতীয় টেস্ট ১১ ডিসেম্বর (অ্যাডিলেড, দিবারাত্রি), তৃতীয় টেস্ট ২৬ ডিসেম্বর (মেলবোর্ন), চতুর্থ টেস্ট ৩ জানুয়ারি (সিডনি)।