লিবিয়ায় ২৬ বাংলাদেশির হত্যাকারীদের গ্রেপ্তারের নির্দেশ

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ মোট ৩০ জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ীদের চিহ্নিত করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতিকে উদ্ধৃত করে সেখানকার ইংরেজি গণমাধ্যম দ্য লিবিয়া অবজারভার জানিয়েছে, মিজদা শহরের এক মানবপাচারকারী উপকূলীয় অঞ্চল থেকে ওই ৩০ জনকে অপহরণ করে। বাকি চারজন আফ্রিকারই নাগরিক। এরপর ভুক্তভোগীরা তাকে হত্যা করে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘অভিযুক্ত পাচারকারী মঙ্গলবার রাতে অভিবাসীদের হাতে কোনোভাবে খুন হন। এরপর তার সহযোগী এবং আত্মীয়স্বজনেরা জিম্মি অভিবাসীদের ক্যাম্পে নির্বিচারে গুলি চালালে ঘটনাস্থলে ২৬ জন বাংলাদেশিসহ মোট ৩০ জন মারা যান। এই ঘটনায় আরও ১১ জন বাংলাদেশি মারাত্মকভাবে আহত হয়েছেন।’

পাচারকারীর আত্মীয়রা আইন হাতে তুলে নিয়ে ‘প্রতিহিংসামূলক অপরাধ’ করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘অপরাধীরা যে উদ্দেশ্য নিয়েই খুন করুক না কেন, আইন তা সমর্থন করবে না। মিজদার নিরাপত্তার বিভাগকে দ্রুত তাদের গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে।’

লিবিয়া প্রবাসী কল্যাণ ফোরামের ফেইসবুক পেজ থেকে জানা গেছে, আহত ১১ জন বাংলাদেশি এখন হাসপাতালে আছেন।

তেলসমৃদ্ধ অর্থনীতির কারণে অভিবাসীদের কাছে লিবিয়া অন্যতম ‘আকর্ষণীয়’ একটা দেশ। পাশাপাশি এই দেশ ব্যবহার করে অনেকে ইউরোপেও ঢোকার চেষ্টা করেন। অবৈধ অভিবাসীদের সামলাতে দেশটি প্রায়ই হিমশিম খায়।

ভুক্তভোগী এই বাংলাদেশিরাও ‘অবৈধ অভিবাসী’ ছিলেন বলে লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করা হয়েছে।