২০১১ বিশ্বকাপ ফাইনাল। দর্শকে পূর্ণ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। শ্রীলঙ্কাকে হারিয়ে যে ম্যাচে চ্যাম্পিয়নের কৃতিত্ব দেখায় ভারত। ২৮ বছর পর দেশটি ফের ঘরে তুলে ৫০ ওভারের বিশ্বকাপ।
তবে সেই ম্যাচে বল মাঠে গড়ানোর আগে একটা বিস্ময়কর ঘটনা ঘটে। দুইবার টস হয় সেদিন! বিশ্বকাপ ফাইনালের মতো ম্যাচে এমন ঘটনা বিরল তো বটেই, অবাক করাও।
কিন্তু কেন সেদিন দুইবার টস হয়েছিল? সেই ম্যাচে শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা জানিয়েছেন সেটিই। মূলত ধোনির কারণে এমনটা হয়েছিল বলে জানান লঙ্কান কিংবদন্তি।
ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ কথোপকথনে যুক্ত হয়েছিলেন সাঙ্গাকারা। সেখানেই জানিয়েছেন ২০১১ বিশ্বকাপের ফাইনালকে ঘিরে উত্তেজনায় ফুটছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে। দর্শকের গর্জনে এক হাত দূরের আওয়াজও শোনা যাচ্ছিল না। এ অবস্থায় হেড কল করে টসে জিতেছিলেন সাঙ্গাকারা।
কিন্তু কানফাটা আওয়াজের কারণে ধোনি তার কল শুনতে পাননি বলে জানান সাঙ্গাকারা। তাই ম্যাচ রেফারির অনুমতি নিয়ে আবারও টস হয়। তবে এবারো টসে জেতেন সাঙ্গাকারা।
সেদিন টস জিতে অবশ্য এখন সাঙ্গাকারা নিজেকে অভাগাই মনে করেন। বলছিলেন, ‘আমি জানি না, টস জিতে আমি ভাগ্যবান ছিলাম কী না। কারণ সম্ভবত আমি যদি হারতাম, তাহলে ভারত মনে হয় আগে ব্যাট করত।’
টস জিতে আগে ব্যাট করে সেদিন ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নামা ভারতীয় দল ৪৮.২ ওভারেই ৪ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্য পৌঁছে যায়। ২৮ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় টিম ইন্ডিয়া।