বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ, ভাইকে পিটিয়ে জখম

টাঙ্গাইলের নাগরপুরে বাকপ্রতিবন্ধী বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বড় ভাই রিপনকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। পরে তাকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ২৫ মে ঈদের দিন উপজেলার ভাদ্রা ইউনিয়নের সেহলাইদ গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, ঘটনার ৬ দিন পার হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

আহত বড় ভাই কলেজছাত্র রিপন সাংবাদিকদের জানান, এলাকার বখাটে সোহেল, বাপ্পী, সজীব, এনামুল ও তায়েবুর তার ছোট বোনকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি জানতে পেরে রিপন প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা ঈদের দিন সন্ধ্যায় সেহলাইদ মাঠসংলগ্ন পুকুরপাড়ে রিপনকে পিটিয়ে আহত করে। এ সময় এলাকাবাসী এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। পরে আহত রিপনকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত সজীব রিপনকে পেটানোর কথা স্বীকার করলেও উত্ত্যক্ত করার অভিযোগ এড়িয়ে যায়।

ভাদ্রা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ঘটনার পর আমি ভুক্তভোগী পরিবারের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছি।

নাগরপুর থানার ওসি আলম চাঁদ এ ব্যাপারে বলেন, বিষয়টি আমি জেনেছি। থানায় কর্মরত একজন কনস্টেবল ঈদের দিন করোনা আক্রান্ত হওয়ায় ঘটনাস্থলে যেতে বিলম্ব হচ্ছে। দ্রুত বিষয়টি ক্ষতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।