রাহাত ও রূপার বিয়ে হয় পারিবারিকভাবে। কিন্তু প্রথম দিনেই অঘটন! বাসর ঘরে রাহাত ঢুকে দেখে রূপা গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছে।
রাহাত বাঁচালেও রূপা সাফ জানিয়ে দেয় অন্য ছেলের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। অন্যদিকে রাহাত বলে তারও সম্পর্ক রয়েছে। কিন্তু এই মুহূর্তে তাদের কিছুই করার নেই। একসঙ্গে থেকে পরিবারের অন্যদের সামনে সুখী দম্পতির অভিনয় করে থাকে তারা।
ফারহান আহমেদ জোভানের এমন গল্পে নাটক ‘ফেইক প্রেম’ রচনা করেছেন মেহরাব জাহিদ। পরিচালনা করেছেন সরদার রোকন। রাহাত ও রূপা চরিত্রে আছেন যথাক্রমে জোভান ও তাসনিয়া ফারিন।
গণমাধ্যমকে নির্মাতা বলেন, “প্রেমের অভিনয় বলতে একটি বিষয় রয়েছেন। তেমনই একটা অধ্যায় এখানে অবতারণা ঘটেছে। তেমনই একটি গল্প নিয়ে ‘ফেইক প্রেম’ নির্মাণ করেছি। আশা করি, ঘরে থাকা দর্শকদের জন্য নাটকটি বেশ উপভোগ্য হবে।”
নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার, শাহেদ খন্দকার ও ইশরাত জাহান।
রবিবার রাত সাড়ে ১১টায় আরটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে ‘ফেইক প্রেম’।