মাত্র ৩৪ বছর বয়সে মারা গেছেন ক্রিকেটার কাজী রিয়াজুল ইসলাম কাজল। খুলনার ছেলেটি স্থানীয় কোচের দায়িত্বও পালন করছিলেন। তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন কাজল। তাই অসময়ে চলে যাওয়া কাজলের পরিবারের পাশে তামিম ইকবালের নেতৃত্বে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয় দল।
জাতীয় দলের ফাস্ট বোলার রুবেল হোসেন বুধবার রাতে কাজলের মৃত্যুর পর নিজের ফেইসবুক পেইজে একটি পোস্ট দেন। সেটি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিমের চোখে পড়ে। এরপর করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য জাতীয় দলের ক্রিকেটারদের গড়া তহবিল থেকে কাজলের পরিবারকেও সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
রুবেল লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ক্রিকেটার কাজলের পরিবারের পাশে দাঁড়িয়েছে। এমন মহৎ কাজে আমাদের সবাইকে উদ্বুদ্ধ করেছেন অধিনায়ক তামিম ইকবাল। তার উদ্যোগেই মূলত আমাদের করোনাভাইরাসের মাঝে অসহায় দুস্থ গরিব মানুষদের জন্য গঠিত তহবিল থেকে কাজলের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।’
খুলনা জেলা দলের অধিনায়ক ছিলেন কাজল। বয়রা তরুণ সংঘ নামের একটি ক্রিকেট অ্যাকাডেমির কোচের দায়িত্বেও ছিলেন। রুবেল জানিয়েছেন, ‘তার সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। দীর্ঘদিন আমরা একসঙ্গে বাগেরহাট থেকে শুরু করে ঢাকা লিগে খেলেছি।’ কাজলের স্ত্রীর কাছে রুবেল নিজেই তাদের দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছেন।