ফেনীতে খামার কর্মচারীকে ছুরি মেরে হত্যা

ফেনীতে খামার কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গলায় ছুরি চালানোর ঘটনায় এক তরুণ ১৬ দিন পর এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা যুবলীগ নেতার হামলায় আহত ইউনিয়ন যুবলীগের নেতা ছয়দিন পর মারা গেছেন। প্রতিনিধিদের পাঠানো খবর :

ফেনী : গরুর খামার কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকালে শহরের রামপুর সাদেক হোসেন পাটোয়ারীর খামারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে রামপুর পাটোয়ারী বাড়ির সাদেক হোসেন পাটোয়ারীর গরুর খামারে দুর্বৃত্তরা হানা দেয়। এসময় খামারের দায়িত্বে থাকা সাগরকে (২৬) উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার বাড়ি নেত্রকোনা জেলায়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নুরুজ্জামান জানান, নিহতের ঘাড়ে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : রূপগঞ্জে রাজন খান (৩০) নামে এক তরুণকে মোবাইল ফোনের মাধ্যমে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে দীর্ঘ ১৬ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর গত শুক্রবার রাতে রাজনের মৃত্যু হয়। এর আগে, গত ১৩  মে দুর্বৃত্তরা রাজনকে মোবাইল ফোনের মাধ্যমে উপজেলার তারাব পৌরসভার রূপসী কলাবাগান এলাকায় ডেকে নিয়ে গলা কেটে রাস্তার পাশে  ফেলে রেখে যায়। নিহত রাজন সোনারগাঁও উপজেলার আমগাঁও এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। রূপসী কলাবাগান এলাকার মাদক ব্যবসায়ীদের সঙ্গে টাকা-পয়সা নিয়ে লেনদেনের জের ধরে রাজনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে নিহতের পরিবার।  

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

ব্রাহ্মণবাড়িয়া : বিজয়নগরে বহিষ্কৃত উপজেলা যুবলীগ নেতা আবু কাউসার ভূঞা ও তার সহযোগীদের হামলায় আহত ইউনিয়ন যুবলীগ নেতা ব্যবসায়ী আবু নাছের (৩৫) মারা গেছেন। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ধানম-ি এলাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। নাছের বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামূড়া গ্রামের আবু শামার ছেলে এবং ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সেজামূড়া গ্রামের বাসিন্দা ও কিছুদিন পূর্বেব বহিষ্কৃত বিজয়নগর উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু কাউসার ভূঁইয়া ও পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক আবু নাছেরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সাম্প্রতিককালে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। এ বিরোধের জেরে গত ২৪ মে সকালে বাজার থেকে বাড়ি ফেরার পথে কাউসার ভূঞার লোকজন নাছেরকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়।

বিজয়নগর থানার ওসি আতিকুর রহমান জানান, অভিযুক্ত কাউসারসহ আসামিদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।