এক ঝলকে

তিন পরিচালকের ঈদের সিনেমা ‘ত্রিভুজ’

এ সময়ের প্রতিভাবান তিন পরিচালক দীপংকর দীপন, সৈকত নাসির ও অনন্য মামুন। এ ত্রয়ী এবার একটি চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন। সিনেমাটি  কোরবানির ঈদে মুক্তি পাবে। নাম ‘ত্রিভুজ’। প্রযোজনা করবে প্রযোজনা সংস্থা  সেলিব্রিটি প্রডাকশন। অনন্য মামুনের উদ্যোগে ছবিটি তৈরি হচ্ছে। ছবির প্রাথমিক নাম ঠিক করা হয়েছিল ‘লকডাউন’। অনন্য মামুন বলেন, ‘লকডাউনের সময়ে তিনটি পরিবারের ক্রাইসিসের গল্প বলব আমরা। লকডাউনে মানুষের জীবনে কী পরিবর্তন হয়েছে, আগামীতে কীভাবে টিকে থাকবে মানুষ- তা দেখানো হবে।’ অনন্য মামুনের গল্প ভাবনায় এর চিত্রনাট্যে মামুনসহ আছেন ইশতিয়াক আহমেদ ও পাপ্পুরাজ। সৈকত নাসির বলেন, ‘তিনজন পরিচালক আলাদা তিনটি গল্প নয়, একটি গল্পই পরিচালনা করব। আমরা গত মাস দেড়েক ধরে আলাপ-আলোচনা করছি। সবার সিদ্ধান্তে গল্প, চিত্রনাট্য তৈরি হয়েছে। শ্যুটিংয়ের ক্ষেত্রেও তিনজনে মিলে ঠিক করে নেব কে  কোন দৃশ্যগুলো শ্যুট করার দায়িত্ব নেব। এটুকু বলতে পারি, দর্শক অসাধারণ একটি গল্প পেতে যাচ্ছে।’ অনন্য মামুন জানালেন, ছবিতে দেশের শীর্ষস্থানীয় অভিনেতারা অভিনয় করবেন। শ্যুটিং শুরু হবে আগামী ৬ জুন থেকে। সিনেমা হল খুললেও মানুষ আগের মতো একসঙ্গে জড়ো হবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। অনন্য মামুন বলেন, ‘আমরা চাই সিনেমা হলেই ছবিটি মুক্তি দিতে। সমস্যা হলে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তির চিন্তাও করে রেখেছি’।

ফ্লয়েড হত্যার প্রতিবাদে সরব হলিউড

পুলিশের হাতে অন্যায়ভাবে নিহত জর্জ ফ্লয়েড হত্যাকা-ের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন হলিউড তারকারা। সোশ্যাল মিডিয়ায় তারা ক্ষোভ এবং নিন্দা জানিয়েছেন এই ঘটনার। ভায়োলা ডেভিস লিখেছেন, ‘আমেরিকায় কৃষ্ণাঙ্গ হলে যা হয়- এই অপরাধেই মরতে হলো। আমাদের শত বছর ধরে নির্যাতন করা হচ্ছে।’ পপ সুপারস্টার জাস্টিন বিবার লিখেছেন, ‘এসব অবশ্যই বন্ধ করতে হবে। এগুলো আমাকে অসুস্থ করে দিচ্ছে। এই মানুষটির মৃত্যুতে ভীষণ রাগ হচ্ছে। বর্ণবাদ খুব খারাপ। আমাদের এর বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত।’ প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী পপ সেনসেশন নিক  জোনাস ইন্সটাগ্রামে লিখেছেন, ‘জর্জ ফ্লয়েড ও তার পরিবারের জন্য প্রার্থনা করছি। সাহায্য চাইতে গিয়ে একটি পরিবার তাদের প্রিয়জন হারাল। এটি অমার্জনীয়।’ অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে লিখেছেন, ‘জর্জ ফ্লয়েডের বেঁচে থাকার কথা ছিল। বিচার পাওয়ার অধিকার ছিল। হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে।’ পপ তারকা ডেমি লোভাটো বলেন, ‘এটা ঠিক না। সবাই নিজের জায়গায় অবস্থান না নিলে এটা বন্ধও হবে না। বিশেষ করে সাদাদের এগিয়ে আসতে হবে।’ সুপার মডেল গিগি হাদিদ ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘এখন তাদেরই আইনের আওতায় আনা উচিত। এমন তো প্রায়ই ঘটে, ক্যামেরায় ধরা পড়েছে বলেই জানাজানি হয়েছে।’ কৃষ্ণাঙ্গ র‌্যাপ কুইন কার্ডি বি লিখেছেন, ‘অনেক হয়েছে। আর কতটা হারালে সব ঠিক হবে? যুদ্ধ লাগবে? নতুন প্রেসিডেন্ট লাগবে? হিংস্র দাঙ্গা লাগবে? আমি ক্লান্ত। এই দেশ ক্লান্ত।’

নারী শ্রমিকদের জন্য সোনুর বিমান

লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে ঘর ছেড়ে ভিনরাজ্যে আটকে পড়েছে হাজার হাজার ভারতীয় শ্রমিক। তাদের সাহায্যে আগেই ফেরার বাস এবং খাবারের বন্দোবস্ত করেছিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। এবার ওড়িশার নারী শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা করলেন তিনি। কেরালায় আটকে থাকা ১৭৭ জন পরিযায়ী মহিলা শ্রমিককে নিজের রাজ্যে ফেরানোর জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করলেন সোনু। ওই ১৭৭ জন মহিলা শ্রমিক একটি কারখানায় সেলাইয়ের কাজ করতেন। অভিনেতার এই উদ্যোগে রাজ্যসভার সাংসদ অমর পট্টনায়েক টুইট করেন, ‘সোনু সুদ জি, ওড়িশার মহিলাদের কেরালা থেকে নিরাপদে ফিরে আসতে সাহায্য করেছেন, আপনার এই উদ্যোগ প্রশংসনীয়। আপনার মহৎ প্রচেষ্টাকে কুর্ণিশ। আপনি যেভাবে অভাবীদের নিরাপদে তাদের বাড়িতে পৌঁছাতে সহায়তা করছেন তা একরকম অবিশ্বাস্য! আপনার আরও সমৃদ্ধি হোক।’ সোনু সুদ বলেন, ‘পরিযায়ী শ্রমিকদের ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে ঘরে ফেরার চেষ্টা দেখে আমার চোখে জল এসে গিয়েছিল। এই মানুষরাই আমাদের বাড়ি, আমাদের অফিস তৈরি করেছেন। আর এখন তারাই পথে বসেছেন। আমি মনে করি, সংকটে তাদের পাশে দাঁড়ানো উচিত।’