ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় একজন গলায় ফাঁস নিয়ে মারা গেছে এবং অপর একজন কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে।
রবিবার হরিপুর উপজেলার দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হওয়ায় গলায় ফাঁস নিয়ে লিমা আক্তার নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করছে। একই উপজেলার আরেক পরীক্ষার্থী বিউটি আক্তার একই দিনে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। তাকে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লিমা আক্তার তিনুয়া গ্রামের জহিরুল ইসলামের মেয়ে। হরিপুর ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মংলা জানান, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর লিমা জানতে পারে সে ফেল করেছে। এ খবর পাওয়ার পর তার শোবার ঘরে ধর্ণার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
অন্যদিকে একই উপজেলার আরেক পরীক্ষার্থী বিউটি আক্তার কীটনাশক পান করে । তাকে মুমূর্ষু অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । বিউটি আক্তার হরিপুর উপজেলার বালিহাড়া গ্রামের বেলাল হোসেনের মেয়ে । সে মশানগাঁও দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
বিউটির বাবা বেলাল হোসেন বলেন, আমার মেয়ে সকাল ১১টায় দিকে পরীক্ষার ফলাফল জানতে পারে সে পরীক্ষায় ফেল করেছে। এরপর আমাদের সবার অগোচরে দুপুরের দিকে কীটনাশক পান করে। কীটনাশক পান করার বিষয়টি আমরা জানার সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য হরিপুর হাসপাতালে নিয়ে আসি।
বিউটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বিউটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসাপাতালে রের্ফাড করেন।
হরিপুর থানার ওসি আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।