প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ আশরাফুল আলম খোকনের বাবা আনোয়ার হোসেন (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার ভোরে গাজীপুরের কাপাসিয়া উপজেলার নিজ বাসভবন তারাগঞ্জ গ্রামে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।
কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি দেশ রূপান্তরকে বলেন, আনোয়ার হোসেন সাহেব রাতে বুকে ব্যথা অনুভব করছিলেন। ভোরে তিনি মারা যান।
মৃত্যুকালে আনোয়ার হোসেন দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উপ-প্রেস সচিব খোকনের বাবা আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমের জানাজা ও দাফনের সিদ্ধান্তের বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান।