ফেনীর সোনাগাজীতে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে মৃত ব্যক্তির (৬২) লাশ রেখে পালিয়ে গেছেন স্বজনরা। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের চেষ্টায় রবিবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে দাফন করা হয়।
স্থানীয় মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু জানান, সোনাগাজী উপজেলার ভাদাদিয়া গ্রামের করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই ব্যক্তি চট্টগ্রামে পরিবার নিয়ে বাস করতেন। গত দুই দিন আগে তাকে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। পরে রবিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, মৃত্যুর পর পরিবারের সদস্যরা লাশ রেখে পালিয়ে যায়। মৃত ব্যক্তির আত্মীয়-স্বজন, মেয়ে ও তার স্বামী কেউই লাশ দাফনে এগিয়ে না আসায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়। পরে রাত দেড়টার দিকে তার দাফন শেষ হয়।
একই দিন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া আইনজীবীর (৫০) লাশ ফেনী সদর উপজেলার মোটবী গ্রামে দাফন করা হয়। তিনি চট্টগ্রাম জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি)। গত কয়েকদিন আগে জ্বর ও বুকের ব্যথা উঠলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর তার শরীরে করোনা পজিটিভ আসে।
এদিকে ফেনীতে জ্বর-শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শনিবার ফেনী সদর উপজেলার ফাজিলপুরের এক ব্যক্তি (৬২) ও একই উপজেলার ধলিয়া ইউনিয়নের আলিপুর গ্রামের বাসিন্দা (৮০)। রবিবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ফেনী জেনারেল হাসপাতালে মারা যান এক নারী (৪৫)। তিনি ছাগলনাইয়া উপজেলার কাশিপুর এলাকার বাসিন্দা।