অ্যাকর্ড বিলুপ্ত, পোশাক কারখানা পরিদর্শনে আরএসসি’র যাত্রা

তৈরি পোশাক কারখানার নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে কাজ করা ইউরোপীয় ক্রেতাদের জোট ‘অ্যাকর্ড’র আনুষ্ঠানিক বিলুপ্তির পর নতুন সংগঠন যাত্রা শুরু করেছে।

সোমবার থেকে অ্যাকর্ড’র জায়গায় আরএমজি সাসটেইনেবল কাউন্সিল (আরএসসি) যাত্রা শুরু করলো। গত ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর ক্রেতা জোট অ্যাকর্ড জন্ম নেয়। তারা দেশের কারখানাগুলোর নিরাপত্তা নিয়ে কাজ করে। দীর্ঘ ছয় বছর পর অ্যাকর্ড তাদের কার্যক্রম গুটিয়ে নিলো।

এখন থেকে ক্রেতা, সরকার ও কারখানা মালিকদের সমন্বয়ে গঠিত আরএসসি দেশের পোশাক কারখানা পরিদর্শন করবে।

রানা প্লাজার ধস এবং এর আগে তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে শত শত শ্রমিক নিহত হওয়ার প্রেক্ষাপটে ইউরোপ এবং আমেরিকার ক্রেতাদের দু’টি জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স বাংলাদেশ সরকার এবং গার্মেন্টস মালিকদের সঙ্গে ২০১৩ সালে একটি চুক্তি করেছিল।

ওই চুক্তি অনুযায়ী অ্যালায়েন্স আগেই তাদের কাজ শেষ করেছে। মে মাসে শেষ হয় অ্যাকর্ড’র কাজ।

উল্লেখ্য, তৈরি পোশাকের আন্তর্জাতিক ক্রেতাদের জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স ‘ষড়যন্ত্র করছে’ করছে অভিযোগ এনে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়ার দাবি করেছিল পোশাক কারখানাগুলোর মালিকরা।

তাদের অভিযোগ ছিল, অ্যাকর্ড ও অ্যালায়েন্স একেকদিন একে ধরনের স্ট্যান্ডার্ড চাপিয়ে দিচ্ছিল এবং এর প্রভাবে অনেক কারখানা বন্ধ হয়ে যায়।