চলতি সপ্তাহ থেকে নাটকের শুটিং শুরুর বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে আবারও নাটকপাড়া কর্মমুখর হয়ে উঠবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ পরিস্থিতিতে অভিনয় শিল্পী থেকে শুরু করে কলাকুশলীরা কাজে ফেরার পরিকল্পনা করছেন। এ তালিকায় আছেন নাট্যাভিনেতা এফএস নাঈম। ঈদের পর একাধিক নির্মাতা তাকে নিয়ে নাটক নির্মাণের পরিকল্পনা করছেন। এমনকি নাঈমের কাছে নাটকের স্ক্রিপ্টও পৌঁছে দেয়া হয়েছে। তিনি আবার এগুলো দেখে নির্মাতাদের সম্মতিও দিয়েছেন। এখন অপেক্ষায় আছেন কবে, কীভাবে, কোথায় নাটকগুলোর শুটিং করা হবে।
এ বিষয়ে গণমাধ্যমকে নাঈম বলেন, ‘গত ২০ মার্চ থেকে হোম কোয়ারেন্টিনে আছি। বাসায় থাকতে থাকতে জীবনযাপনটাই অন্যরকম হয়ে গেছে। কারণ এভাবে দীর্ঘ সময় এক জায়গায় থাকা হয়নি। তবে ঈদের পর এখন যেহেতু লকডাউন শিথিল করা হয়েছে, তাই অনেকেই কাজে ফিরছেন। আমিও কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছি। কয়েকটি একখণ্ডের নাটকের প্রস্তাব হাতে এসেছে। এগুলোতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি। এ ভাইরাস সহজেই হয়তো নির্মূল হবে না; কিন্তু মাসের পর মাসও তো আর বসে থাকা যাবে না। তাই স্বাস্থ্যবিধি মেনেই কাজ করার পরিকল্পনা করছি।’
অন্যদিকে গত ঈদে প্রায় সব টিভি চ্যানেলেই নাঈম অভিনীত নতুন নাটক প্রচার হয়েছে। বেশির ভাগ নাটকেই তার অভিনয় প্রশংসিত হয়েছে।