ফ্লয়েড হত্যার বিচার দাবি লিভারপুল খেলোয়াড়দের

এবার অ্যানফিল্ড থেকে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার বিচারের দাবি উঠল। লিভারপুলের খেলোয়াড়রা এদিন অনুশীলনের সময় মাঝ বৃত্তে সবাই হাঁটু গেরে বসে ছবির জন্য পোজ দেন। ভার্জিল ফন ডিইক, জেমস মিলনার, জো গমেজ, আন্দ্রে রবার্টসনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি পোস্ট করেছেন।

সবার ছবিতে একই ক্যাপশন, ‘একতাই বল।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে উচ্চারণ- ‘ব্ল্যাক লিভস ম্যাটার।’

গত সোমবার যুক্তরাষ্ট্রের মিনেয়াপোলিসে পুলিশের হেফাজতে থাকার সময় মারা যান ৪৬ বছর বয়সী আফ্রিকান আমেরিকান নাগরিক ফ্লয়েড। এ ঘটনায় ৪৪ বছর বয়সী শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চউভিনকে তার মৃত্যুর জন্য অভিযুক্ত করা হয়েছে।

ফ্লয়েড হত্যার বিচার দাবিতে উত্তাল এখন যুক্তরাষ্ট্র। বিক্ষোভের মুখে ৪০টি শহরে কাউফিউ জারি হয়েছে। ক্রীড়াঙ্গন থেকেও জোর দাবি উঠেছে ফ্লয়েড হত্যার বিচারের। বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার ক্রীড়া তারকারা।

রবিবার বুন্দেসলিগার ম্যাচে গোল করার পর উদযাপনের সময় ‘জাস্টিস ফর জর্জ ফ্লয়েড’ বার্তা ছড়িয়ে দিয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের ইংলিশ তারকা জাদোন সানচো। এ ছাড়াও আশরাফ হাকিমি, মার্কাস থুরামরাও গোল করে উদযাপনের সময় একই বার্তা দিয়েছেন।

জার্সি খুলে ভেতরের টি-শার্টের লেখা মেলে ধরায় সানচোকে হলুদ কার্ডও দেখতে হয়। তবে সানচো ম্যাচের পর ইন্সটাগ্রামে লিখেছেন, ‘যেটা ঠিক তা বলার জন্য আমাদের ভয় পাওয়া উচিত নয়। আমাদের সবাইকে এক হতে হবে এবং ন্যায় বিচারের জন্য লড়াই করতে হবে…।’