ভার্চুয়াল আদালতের কার্যক্রম বন্ধ করে স্বাভাবিক কার্যক্রম শুরুর দাবিতে গতকাল সোমবার যশোরে আইনজীবীরা মানববন্ধন করেছেন। একই দাবিতে সিরাজগঞ্জেও আইনজীবীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। যশোর বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে আইনজীবীরা মানববন্ধন করেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুরের নেতৃত্বে মানববন্ধনে আইনজীবীরা অংশ নেন।
এম এ গফুর বলেন, ‘সাধারণ মানুষ শতভাগ আইনি সেবা থেকে বঞ্চিত হচ্ছে। কারণ ভার্চুয়াল কোর্ট পরিচালনা করার জন্য সবার কাছে প্রযুক্তি গত সুবিধা নেই। আর যারা কোর্টে অংশ নিচ্ছেন তাদের আলাপচারিতাও সঠিকভাবে হচ্ছে না। এমনকি বিদ্যুৎ সমস্যার কারণে অনেক সময় কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে।’
সিরাজগঞ্জ আদালত চত্বরে আইনজীবী সমিতির সদস্যরা বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসিম সরকার হাকিম ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম দুলাল।
এ সময় বক্তারা বলেন, সাধারণ ছুটি শেষে সব কিছু খোলা হয়েছে। কিন্তু কোনো কারণ ছাড়াই আদালত বন্ধ রাখা হয়েছে। এতে সাধারণ মানুষ বিচার-বঞ্চিত হচ্ছে।