কুষ্টিয়ায় চূড়ান্ত তালিকা উদ্বোধন

বোরো সংগ্রহের তালিকায় কৃষকের অসন্তোষ

কুষ্টিয়া সদর উপজেলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ মৌসুম-২০২০এ সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের জন্য কৃষক তালিকা চূড়ান্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আসলাম হোসেন। তবে এ তালিকা নিয়ে কৃষকের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, সদর উপজেলার ২ হাজার ৫০১ জন কৃষকের কাছ থেকে দুই ধাপে মোট ২ হাজার ৫০১ মে. টন ধান ক্রয় করা হবে।

সদর উপজেলার আলামপুর গ্রামের কৃষক আব্বাস উদ্দিনের অভিযোগ, শুষ্ক এই

বোরো মৌসুমে নানা প্রতিকূল অবস্থায় ধান চাষে সব মিলিয়ে অন্যান্য বারের চেয়ে খরচ বেশি হয়। কিন্তু আমাদের কাছে বিক্রয়যোগ্য যে পরিমাণ ধান আছে তার শতকরা দুই ভাগ ধানও নিচ্ছে না। এটা কৃষকের সঙ্গে তামাশা করা হচ্ছে।

কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) এ কে এম শাহনেওয়াজ বলেন, প্রথম ধাপে কুষ্টিয়া সদর উপজেলায় কৃষক তালিকা চূড়ান্তকরণ শেষ করে জেলায় সরকারি ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, সরকারি ক্রয়কেন্দ্রে যাতে প্রকৃত কৃষকরা ধান বেচতে পারে, সে বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হবে। কোনো রকম অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না।