করোনার উপসর্গ নিয়ে আরও এক পুলিশের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আরও এক সদস্য মারা গেছেন।

মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মর্তুজা কাইয়ুম (৪৫) নামে এ পুলিশ সদস্য মারা যান। তার বাড়ি ফেনীর পরশুরামের রাজেশপুর গ্রামে।

সিএমপির অতিরিক্ত উপ- কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক জানান, মর্তুজা কাইয়ুম নগরীর সদরঘাট থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন। জ্বর ও সর্দি হওয়ায় তাকে ১৯ মে দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি করানো হয়।

এরপর ২৭ মে তাকে চমেকে হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে তিনি করোনা পজিটিভ ছিলেন কিনা।

তিনি আরও জানান, এর আগে গত মাসের শেষ সপ্তাহে ওই পুলিশ সদস্যের একবার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।