রংপুরে মাছের খামারে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু

রংপুরে মাছের খামারে বিদ্যুতের লাইট জ্বালাতে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে পীরগাছা উপজেলার পরান গ্রামে। 

নিহতরা হলেন আজিজুর রহমান (৬০) ও ছেলে সুমন মিয়া (২৫)। 

এলাকাবাসী জানায়, সোমবার রাতে মাছের খামারে ভেলায় চড়ে বিদ্যুতের লাইট জ্বালাতে গিয়ে বাবা ও ছেলে ভেলা উল্টে তারে জড়িয়ে যান। সেখানে তাদের মৃত্যু ঘটে। আজ সকালবেলা বাড়ির লোকজন খামারে বাবা-ছেলের মরদেহ দেখতে পায়।

এ সময় নিহতের জামাতা মরদেহ উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। 

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।