করোনাভাইরাসে (কভিড-১৯) পুলিশে কর্মরত আরও একজনের মৃত্যু হয়েছে। শ্রী নিরোদ চন্দ্র মন্ডল (৫২) নামের এ সদস্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগে পল্লবী জোনে স্টেনোগ্রাফার হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা দেশ রূপান্তরকে বলেন, করোনা পজিটিভ হওয়ায় তিনি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। দুপুরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিরোদ চন্দ্রের গ্রামের বাড়ি ফরিদপুর। তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, এ নিয়ে পুলিশে কর্মরত ১৬ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।