আরও একজনের মৃত্যু, নতুন ২২ জন শনাক্ত, সুস্থ ৩

কিশোরগঞ্জে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ

কিশোরগঞ্জ জেলায় করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এরই মধ্যে রুদ্রমূর্তি ধারণ করেছে প্রাণঘাতী এই ভাইরাসটি। সর্বশেষ গত সোমবার পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া জেলার ভৈরবে কভিড-১৯ পজিটিভ এক ব্যক্তি মারা গেছেন।

গত ২৭ মে জেলায় সংগৃহীত মোট ১৪৬ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। এই ১৪৬ জনের নমুনার মধ্যে ২২ জনের পজিটিভ এসেছে। গত রবিবার পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় করোনা শনাক্তের সংখ্যা ছিল ৩৫৩ জন। সোমবার নতুন করে আরও ২২ জনের করোনা শনাক্ত হওয়ায় বর্তমানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৫ জনে।

সিভিল সার্জন জানান, নতুন করোনা শনাক্ত হওয়া ২২ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ১ জন, করিমগঞ্জ উপজেলার ৩ জন, তাড়াইল উপজেলার ৪ জন, কুলিয়ারচর উপজেলার ২ জন, বাজিতপুর উপজেলার ১ জন ও ভৈরব উপজেলার ১১ জন রয়েছেন।