লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারে আগুন লেগে পুড়ে গেছে একটি ব্যাংকের এটিএম বুথ ও আটটি ব্যবসাপ্রতিষ্ঠান। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে হায়দরগঞ্জ নারকেলহাটা সড়কে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানান বাজারের ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে মুহূর্তেই পুড়ে যায় আটটি দোকান ও মালামাল। খবর পেয়ে লক্ষ্মীপুর ও রায়পুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
মোহন ফার্নিচারের মালিক মোহন জানান, আগুনে তার দোকানের সব ফার্নিচার পুড়ে গেছে। এছাড়া বাজারের বাবুল হোমিও হল, আশিক টেইলার্স, সবুজ ফার্নিচার, আমির ইলেকট্রনিকস, খোরশেদ টেইলার্স, মোক্তার টেইলার্স, হুমায়ুন লাইব্রেরি ও একটি ব্যাংকের এটিএম বুথ পুড়ে গেছে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ওয়াছি আজাদ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। তবে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।