নওগাঁয় দেয়াল চাপায় কৃষি কর্মকর্তা নিহত

নওগাঁর নিয়ামতপুরে দেয়াল চাপায় নাজমা আক্তার বানু (৪২) নামের এক উপসহকারী  কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমা আক্তার বানু উপজেলার পাড়ইল ইউনিয়নের ঝাড়–য়াপাড়া  গ্রামের শিক্ষক এনামুল হকের স্ত্রী। তিনি উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা আমির আবদুল্লাহ মো. ওয়াহিদুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, নাজমা আকতার উপজেলা পরিষদ চত্বরের পাশে একটি ভিটায় সবজি চাষ করতেন। মঙ্গলবার সকালে তিনি সবজি বাগানে গাছের পরিচর্যা করার জন্য যান। সবজি বাগানের পাশে একটি বাড়ির পুরনো দেয়ালের পাশে পেঁপে গাছ লাগানোর সময় দেয়ালটি হঠাৎ তার মাথার ওপর ধসে পড়ে। ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।