ইংল্যান্ডের মাটিতে জুলাইয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। একদিন আগেই চূড়ান্ত হয়েছে সূচি। তবে করোনাভাইরাস ভীতির কারণে এই সফর থেকে ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার স্বেচ্ছা নিজেদের সরিয়ে নিয়েছেন।
তিন ক্রিকেটার হলেন- শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো ও অলরাউন্ডার কিমো পল। তাদের বাদ দিয়েই তাই ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
জেসন হোল্ডারের নেতৃত্বে গঠিত দলে নতুন মুখ মিডল অর্ডার ব্যাটসম্যান এনক্রুমা বোনার ও পেসার চেমার হোল্ডার। তাদের সঙ্গে ৮ জুন ইংল্যান্ডগামী চার্টার্ড বিমানে উঠবেন রিজার্ভ বেঞ্চের আরো ১১ খেলোয়াড়।
৮ জুলাই সাউদাম্পটনে প্রথম টেস্ট খেলতে নামাবে স্বাগতিক ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। পরের দুই ম্যাচ হবে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। ১৬ ও ২৪ জুলাই শুরু হবে ম্যাচ দুটি।
পূর্বের সূচিতে ওভাল, এজবাস্টন এবং লর্ডসে ৪ থেকে ২৯ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই সিরিজ। তবে করোনার কারণে তা স্থগিত করা হয়েছিল।
৯ জুন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ইংল্যান্ডে পৌঁছাবে এবং ম্যানচেস্টারে তারা প্রাথমিক কোয়ারেন্টাইন পর্ব শেষে অনুশীলন করবে।
১৪ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দল:
জেসন হোল্ডার (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড, এনক্রুমা বোনার, ক্রেগ ব্রাথওয়েট, শামার ব্রুকস, জন ক্যাম্পবেল, রোস্টন চেস, রাহকিম কর্নওয়াল, শেন ডরিচ, চেমার হোল্ডার, শাই হোপ, আলজারি জোসেপ, রেমন রেইফার, কেমার রোচ।