ঝড়ে মোংলায় চরে পাথরবোঝাই জাহাজ আটকা

ঝড়ের কবলে পড়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলের সুন্দরবন সংলগ্ন চরে আটকে পড়েছে পাথরবোঝাই একটি জাহাজ। গত মঙ্গলবার রাতে আকস্মিক ঝড়ে বন্দরের হাড়বাড়িয়ার ২ নম্বর এলাকায় অবস্থানরত জাহাজটি চরে উঠে যায়।

এরপর জাহাজটি উদ্ধারে বন্দর কর্তৃপক্ষ উদ্ধারকারী নৌযান পাঠালে রাতেই দুর্ঘটনাকবলিত জাহাজটি উদ্ধারে তৎপরতা শুরু হয়। জাহাজটির শ্রমিক ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (গতকাল) দুপুরে জোয়ারে পানি বাড়লে জাহাজটি নিরাপদে সরিয়ে আনা সম্ভব হবে। এম ভি শাহরিয়ার জাহান নামে বাংলাদেশি এ জাহাজটি ভিয়েতনাম থেকে ২১ হাজার মেট্রিক টন পাথর নিয়ে ৩১ মে মোংলা বন্দরের হাড়বাড়িয়ার ২ নম্বর এলাকায় ভিড়ে।

বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফখরউদ্দিন গতকাল সকাল সাড়ে ৯টার দিকে দেশ রূপান্তরকে বলেন, ঝড়ের কবলে পড়ে চরে উঠে যাওয়া জাহাজটির কোনো ক্ষতি হয়নি। জাহাজটি উদ্ধারে বন্দরের নিজস্ব উদ্ধারকারী নৌযান কাজ করছে। আশা করছি স্বল্প সময়ের মধ্যেই জাহাজটি নিরাপদে সরিয়ে আনা সম্ভব হবে।