প্রিমিয়ার লিগে পঞ্চম ধাপে ১২০০ জনের করোনা টেস্ট

মাঠে খেলা গড়ানোর আগে নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাস টেস্ট হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর খেলোয়াড় ও স্টাফদের। সবশেষ রাউন্ডে টেস্ট হয়েছে প্রায় ১২’শ খেলোয়াড়, কোচ ও কর্মচারীর।

পঞ্চম রাউন্ডে ১ হাজার ১৯৭ জনের নমুনা টেস্টের মধ্যে পজিটিভ ফল এসেছে মাত্র একজন খেলোয়াড়ের। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে।

টটেনহ্যাম হটস্পারের ওই খেলোয়াড়ের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তাকে এক সপ্তাহের জন্য সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

পাঁচ ধাপে এখন পর্যন্ত মোট ৫ হাজার ৭৯ জন খেলোয়াড়, কোচ, কর্মচারীর করোনা টেস্ট করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট পজিটিভ এসেছে মাত্র ১৩ জনের।

প্রিমিয়ার লিগের খেলোয়াড় ও কর্মচারীর সপ্তাহে দুইবার করে করোনাভাইরাস টেস্ট করা হচ্ছে। ১৭ জুন থেকে লিগ ফের মাঠে গড়ানোর কথা। করোনা সংকটের কারণে মার্চ থেকে থেমে আছে লিগের চলতি মৌসুমের খেলা।