চট্টগ্রামে ২ সপ্তাহের কারফিউ চান বিএনপি নেতা নোমান

চট্টগ্রাম নগরীতে করোনাভাইরাসের সংক্রমণ মহামারি আকার ধারণ করেছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।

তিনি পুরো বন্দরনগরীতে ২ সপ্তাহের কারফিউ জারি করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন।

বুধবার এক বিবৃতিতে মানবিক বিপর্যয় এড়াতে চট্টগ্রাম মহানগরীকে রেডজোন হিসেবে চিহ্নিত করার অন্তত ২ সপ্তাহের জন্য কারফিউ জারির দাবি জানান আবদুল্লাহ আল নোমান।

বিবৃতিতে বলা হয়, চট্টগ্রামে করোনা রোগীদের জন্য পর্যাপ্ত আইসিইউ ফ্যাসিলিটিসহ কোনো উন্নত চিকিৎসার ব্যবস্থা নেই। গত কয়েকদিনের ব্যবধানে চট্টগ্রামে উপযুক্ত চিকিৎসা না পেয়ে অনেকেই মৃত্যুবরণ করেছেন।

বিবৃতিতে তিনি এই দুর্যোগময় মুহূর্তে চট্টগ্রামের প্রাইভেট হসপিটাল মালিকদের সেবার মনোভাব নিয়ে করোনায় আক্রান্ত মানুষের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে আবদুল্লাহ আল নোমান ইতোমধ্যে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

করোনায় আক্রান্ত হয়ে সাংবাদিক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা আইসোলেশনে আছেন তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।