করোনা পরীক্ষায় বিজিএমইএ’র পিসিআর ল্যাব উদ্বোধন

পোশাক শ্রমিকদের করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষায় নিজেদের উদ্যোগে গাজীপুরে পিসিআর ল্যাব স্থাপন করেছে দেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে ল্যাবটি উদ্বোধন করা হয়।

এ ব্যাপারে বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক জানান, গাজীপুরের চন্দ্রায় স্থাপিত এই ল্যাব বিশ্বের অন্যতম সর্বাধুনিক। এতে প্রতি শিফটে ১৮০টি নমুনা পরীক্ষা করা যাবে। আর এতে কাজ করবেন ১৬ জন স্টাফ। তবে প্রয়োজন অনুযায়ী শিফট ও মেশিন সংখ্যা বাড়ানো হবে।

এই ল্যাব কভিড-১৯ টেস্টের ফল ‘১০০ ভাগ’ সঠিক বলেও জানানো হয়।

তিনি আরও জানান, পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে এখন পর্যন্ত ২৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২০২ জন পুরুষ, ৬২ জন নারী।

ল্যাব উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিজিএমইএ'র সভাপতি ড. রুবানা হক। অন্যদের উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, এফবিসিসিআই ও বিজিএমইএ'র সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ'র সাবেক সভাপতি আবদুস সালাম মুশের্দী প্রমুখ।

যেসব প্রতিষ্ঠান তাদের কর্মীদের চাকরি থেকে বাদ দেবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি-না? এমন প্রশ্নের জবাবে রুবানা হক বলেন, “যাদের চাকরি যাবে তাদের বিষয়ে বিজিএমেএ কোনো ব্যবস্থা নেবে না। তবে এপ্রিল এবং মে মাসে যেসব কারখানার শ্রমিক চাকরি হারিয়েছেন তাদের বিষয়টি দেখা হবে।