অভয়নগরে অপহৃত কলেজছাত্রের মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগর উপজেলায় অপহৃত এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুরুজ্জামান বাবু (২০) উপজেলার পুড়াখালী গ্রামের ইমরান গাজীর ছেলে ও স্থানীয় ধোপাদী এসএস কলেজের বাণিজ্য বিভাগের এইচএসসি পরীক্ষার্থী।

এ ঘটনায় দুই জনকে আটকের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার ভোরে নিহত কলেজছাত্রের বাড়ির পাশের পুড়াখালী বাঁওড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, গত সোমবার সকালে বাড়ি থেকে কলেজের উদ্দেশে বেরিয়ে নিখোঁজ হন নুরুজ্জামান। এরপর তার পিতা ইমরান গাজীর কাছে মোবাইল ফোনে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় মঙ্গলবার ইমরান গাজী অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে বুধবার এ ঘটনায় জড়িত দুই জনকে আটক করে। তাদের স্বীকারোক্তিতে স্থানীয় পুড়াখালী বাওড়ের কচুরিপনার নিচ থেকে নুরুজ্জামানের হাত পা বাধা লাশ উদ্ধার করা হয়।

আটক এ দুই জন হচ্ছেন- পুড়াখালী গ্রামের রিফাত আহমেদ আউশ ও ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক।

অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানান, আটক দুই জন স্বীকারোক্তির পর বুধবার রাতে নুরুজ্জামান বাবুর লাশ ফেলে দেয়ার স্থান দেখিয়ে দেয়। এরপর বৃহস্পতিবার সকালে পুড়াখালী বাঁওড় থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।