করোনার প্রভাবে দ্বিতীয় বিশ^যুদ্ধের পর সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দায় পড়েছে ইউরো অঞ্চল। স্থবির অর্থনীতি পুনরুদ্ধারে জরুরি পদক্ষেপ নিচ্ছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি)।
বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনীতি পুনরুদ্ধারে ইসিবি এক মাস আগে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। গতকাল ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক বন্ড ক্রয়ের লক্ষ্যমাত্রা বাড়িয়েছে। ১ দশমিক ৩৫ ট্রিলিয়ন ইউরোর বন্ড কিনবে ইসিবি। এর আগে বন্ড ক্রয় কর্মসূচিতে ইসিবির ৬০ হাজার কোটি ইউরোর বন্ড ক্রয়ের লক্ষ্য ছিল। আগামী বছরের জুন পর্যন্ত এ কর্মসূচি চলবে, যা পরিকল্পনার চেয়ে ছয় মাস বেশি। বর্তমান পরিস্থিতিতে বাজেট ঘাটতি ও মন্দার কবলে রয়েছে দেশগুলো। ইসিবির এ কর্মসূচি দেশগুলোর অর্থনীতির গতি বাড়াতে সহায়ক হবে বলে ধারণা বিশেষজ্ঞদের। ইসিবি বলছে, এই বন্ড ক্রয় কর্মসূচি ব্যবসা ও পরিবারের জন্য সহায়ক হবে। ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক সুদহার কমানোরও সিদ্ধান্ত নিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের বন্ড কেনার বিষয়টি মুদ্রানীতি শিথিল হিসেবে পরিচিত। কোনো কেন্দ্রীয় ব্যাংক যখন নগদ অর্থ দিয়ে বন্ড কেনে তখন বন্ডের দাম বেড়ে যায়। সেই সঙ্গে কমে ঋণের সুদহার। ইনভেস্টমেন্ট ফার্ম কিলিক অ্যান্ড কোম্পানির সহযোগী বিনিয়োগ পরিচালক র্যাচেল উইন্টার বলেন, বর্তমানে মূল্যস্ফীতি অনেক কম রয়েছে। এ ধরনের সম্পদ ক্রয়ের মতো বিষয়গুলো মূল্যস্ফীতির হার আরও কমিয়ে দেবে।