নাটোর শহরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বাড়িতে ঢুকে মেয়েসহ বাবা-মাকে মারপিটের ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ অভিযুক্ত ৫ জনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করলেও জামিনে এসে তারা ওই মেয়ের পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। নাটোর শহরের আলাইপুর কলোনি এলাকায় ঘটনাটি ঘটেছে।
নাটোর থানায় করা অভিযোগে জানা যায়, শহরের উত্তর আলাইপুর এলাকার ওই মেয়েটি (১৬) স্কুলে আসা-যাওয়ার পথে আলাইপুর কলোনিপাড়ার দুদু মিয়ার ছেলে রবিউল ইসলাম (২২) প্রায়ই প্রেমের প্রস্তাব দেওয়া ও উত্ত্যক্ত করে আসছিল। কিন্তু মেয়েটি রাজি না হলে জোর করে অপহরণ করে তুলে নিয়ে বিয়ে করা হুমকি দেয়। এক পর্যায়ে গত ২৬ মে বিকেলে রবিউল, মিটু আলী, আরিফ আলী, শরিফ আলী, লিটন আলী ও খোকা মিয়া জোরপূর্বক ওই ছাত্রীর বাড়িতে প্রবেশ করে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য হুমকি দেয়। মেয়ের বাবা তার মেয়ের বিয়ে দিতে অস্বীকার করলে তারা ওই স্কুলছাত্রী ও তার বাবা-মাকে হত্যার চেষ্টা করে। একপর্যায়ে স্কুলছাত্রীর বাবার হাত ভেঙে, ভাইয়ের মাথা ফাটিয়ে এবং পরিবারের সবাইকে আহত করে সন্ত্রাসী দলটি।