ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী আমতলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত কটন মিলসের শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রমিকরা মিলগেটে বিক্ষোভ করেন। তারা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ও শিল্পপুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কারখানার শ্রমিক সূত্রে জানা যায়, সম্প্রতি ছাঁটাই হওয়া শ্রমিকরা গতকাল দুপুরে বকেয়া বেতন (মে মাসের) পরিশোধ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে কারখানার ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধের চেষ্টা চালালে পুলিশ বাধা দেয়। পরে শ্রমিকরা কারখানার ফটকের সামনে অবস্থান নেন। পুলিশ মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের দাবির বিষয়ে কথা বলে এ ব্যাপারে তাদের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) সাইফুল ইসলাম জানান, তাদের ছাঁটাই করা হয়নি। কাজ কম থাকায় কিছু শ্রমিক বাইরে আছেন। বকেয়া কোনো বেতন নেই। মে মাসের বেতন ৭ তারিখে পরিশোধ করা হবে।