প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় ডিজিটাল আইনে তরুণী গ্রেপ্তার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেইসবুকে কটূক্তি করার অভিযোগে সাটুরিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে রাহা মাহমুদা (পলি) আক্তার (৩৩) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে সাটুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পার তিল্লি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

রাহা মাহমুদা (পলি) আক্তার সাটুরিয়া উপজেলার পার তিল্লি গ্রামের আবদুল কুদ্দুছের মেয়ে।

বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান মিঞা বলেন, একই গ্রামের অ্যাডভোকেট মো. রানা আহম্মেদ শান্ত নামে এক আইনজীবী বৃহস্পতিবার রাত ৮টার দিকে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতেই পলিকে গ্রেপ্তার করা হয়।

মামলার বাদী অ্যাডভোকেট মো. রানা আহম্মেদ শান্ত বলেন, মাহমুদা (পলি) আক্তার তার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে গত ২০ মে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে একটি স্ট্যাটাস দেন। এছাড়া ২৮ মে, ১ ও ২ জুন একই আইডি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর সম্পর্কে মানহানিকর ও অশ্লীল বাক্য প্রয়োগ করে স্ট্যাটাস দেন।

তিনি বলেন, এতে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্নসহ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বিধায় আমি সাটুরিয়া থানায় বৃহস্পতিবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করি।

এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা কর্মীরা বলেন, পার তিল্লি গ্রামের মাহমুদা (পলি) আক্তার শুধুই এখন নয়, অনেক দিন ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট কথা লিখে নিয়মিত ফেইসবুকে পোস্ট করে আসছিল।

সাটুরিয়া থানার ওসি বলেন, পলিকে শুক্রবার মানিকগঞ্জ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।