ফেরদৌস অভিনীত হঠাৎ বৃষ্টি, চুপি চুপি ও টক ঝাল মিষ্টি সিনেমা দিয়েই বাংলাদেশের বেশির ভাগ দর্শক বাসু চ্যাটার্জিকে চেনেন। অনেকেই জানান না, বৃহস্পতিবার প্রয়াত এ নির্মাতা সত্তর–আশির দশকের হিন্দি সিনেমায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
প্রচলিত গল্প-নির্মাণে না ভেসে নতুন পথ তৈরি করেছেন বাসু। ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে জেনে নিন তেমন ১০টি সিনেমার খবর—
পিয়া কা ঘর (১৯৭২): একদম ঘরোয়া ছবি ‘পিয়া কা ঘর’। এ ফ্যামিলি ড্রামায় রয়েছেন অনিল ধাওয়ান ও জয়া বচ্চন। মুখ্য চরিত্র জয়া একটি ছোট শহরের বড় বাড়ির মেয়ে। মা-বাবার সঙ্গেই থাকতেন। পরবর্তীতে এমন একজনের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন যার জীবনযাপন ছিল সম্পূর্ণ ভিন্ন।
রজনীগন্ধা (১৯৭৪): এ রোম্যান্টিক ড্রামায় অভিনয় করেছেন বিদ্যা সিনহা, অমল পালেকর ও দিনেশ ঠাকুর। দিল্লির এক মেয়ের জীবন নিয়ে এই গল্প আবর্তিত। সেখানে তার একটি ছেলের সঙ্গে সম্পর্কও ছিল। কিন্তু কাজের সূত্রে মুম্বাই চলে যেতে হয় তাকে। এরপর ঘটে নানা ঘটনা।
উস-পার (১৯৭৪): এই ছবিতে রোমান্স-ফ্যামিলি ড্রামা দুইই রেখেছেন বাসু। মুখ্য ভূমিকায় ছিলেন বিনোদ মেহরা, মৌসুমী চ্যাটার্জি ও পদ্মা খান্না। মোহন ও কমলি পালিয়ে গিয়ে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু কমলি অপেক্ষায় থাকলেও মোহন আসেনি— এই হলো গল্প।
ছোটি সি বাত (১৯৭৬): অশোক কুমার, বিদ্যা সিনহা, অমল পালেকর অভিনীত আদ্যপ্রান্ত রোমান্টিক কমেডি। এই গল্পে অ্যাকাউন্ট অরুণ অফিসের সহকর্মী প্রভাকে পছন্দ করলেও কোনোভাবেই তাকে বলে উঠতে পারেনি। কিন্তু অরুণের পরিকল্পনা ভেস্তে দিতে আসে নাগেশ। এদিকে প্রভাও মিস করতে থাকে অরুণকে।
শওকিন (১৯৮২): সম্পূর্ণ কমেডি ড্রামা। আশোক কুমার, এ কে হাঙ্গাল, উৎপল দত্তের মতো কিংবদন্তি অভিনেতারা এখানে তিন বন্ধু। যা যা করা হয়নি মৃত্যুর আগে সেটাই করতে চান তারা।
হামারি বঁধু অলকা (১৯৮২): বাসু চ্যাটার্জি পরিচালিত এই ফ্যামিলি ড্রামার গল্প কলেজ ছাত্র প্রতাপচন্দকে নিয়ে।
চামেলি কি শাদি (১৯৮৬): এই রোমান্টিক-কমেডি ড্রামায় অনিল কাপুর, অমৃতা সিং ও ওম প্রকাশ অভিনয় করেন। গরীব ঘর থেকে আসা একটি ছেলের গল্প, যে কুস্তিগীর হতে চায়।
এক রুকা হুওয়া ফ্যায়সলা (১৯৮৬): দীপক কেজরিওয়াল, অমিতাভ শ্রীবাস্তব ও পঙ্কজ কাপুর অভিনয় করেছেন। একটি মার্ডার ট্রায়ালের ওপর ঘটনা আবর্তিত হয়েছে।
কমলা কি মত (১৯৮৯): এই প্রথম থ্রিলার মিস্ট্রি ড্রামা বানান বাসু। ডিম্পল অরোরা ও রাধা আসরানিরা অভিনীত গল্প এগোয় একটি খুনকে কেন্দ্র করে।
মন পসন্দ (১৯৮০): দেব আনন্দ, টিনা অ্যাম্বানি ও গিরিশ কারনাডের মতো অভিনেতারা ছিলেন এই কমেডি ড্রামায়।