করোনার নামে রাগবি প্রতিযোগিতা করতে চায় ফেডারেশন!

করোনাভাইরাসের কারণে মার্চ থেকে দেশে সব ধরনের খেলাধুলা বন্ধ। জুনে এসেও ক্রিকেটারদের অনুশীলনের অনুমতি দেওয়া নিয়ে নানা কিছু মাথায় রাখতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। সেখানে বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) রীতিমতো প্রতিযোগিতা আয়োজন করতে চায়। সেটিও কিনা করোনাভাইরাসের নামে!

‘করোনা কাপ রাগবি’ নামে এক প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ রাগবি ফেডারেশন। পরশু ফেডারেশন সাধারণ সম্পাদক মৌসুম আলী স্বাক্ষরিত বিবৃতিতে এমনটাই বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশেষজ্ঞদের স্বাস্থ্য মতামত অনুযায়ী করোনাভাইরাস সহজে যাবে না। এই করোনা বিষয়ে বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য করোনা কাপ রাগবি প্রতিযোগিতা ২০২০ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন। এখানে উল্লেখ থাকে যে খেলোয়াড়দের সুরক্ষা নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস,ফুল হাতা জার্সি এবং ট্রাউজার পরে খেলোয়াড়গন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।’

বলা হয়েছে দর্শকদের নিরাপত্তার কথাও, ‘এ ছাড়া দর্শকদের নিরাপদ দূরত্বে বসার ব্যবস্থায় করা হবে এবং হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক দিয়ে দর্শকদের সহযোগিতা করা হবে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর পক্ষে থেকে। করোনা প্রতিহত করে আমাদের কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে।’

তবে এই আয়োজনের অনুমোদন এখনো পায়নি রাগবি ফেডারেশন। বাংলাদেশ সরকার ও জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন পেলেই তারা করোনা কাপ আয়োজনের সিদ্ধান্ত নেবে।

জানা গেছে, কয়েক দিনের মধ্যে তারা জাতীয় ক্রীড়া পরিষদ বরাবরে এই প্রতিযোগিতার আবেদন জানিয়ে রাখবে।