ভারত এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজ সামনে রেখে এরই মধ্যে স্বল্প পরিসরে অনুশীলন শুরু করে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। দেশটির ক্রিকেট বোর্ড (এসএলসি) দুই সিরিজ নিয়েই বেশ আশাবাদী। কিন্তু বাংলাদেশ কি জুলাইয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দ্বীপ দেশটিতে পাড়ি দেবে?
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দুই দেশের বোর্ডের মধ্যে চলমান আলোচনা খুব দ্রুতই উপসংহার খুঁজে নেবে। আর সেটা আগামী সপ্তাহেই হতে পারে।
‘শ্রীলঙ্কান বোর্ডের সঙ্গে কথা চলছে। যেটিই করি না কেন, আমরা একমত হয়েছি যে আগামী সপ্তাহের মধ্যেই সিদ্ধান্তটি নিতে হবে।’ বলেন বিসিবির প্রধান নির্বাহী।
সিরিজ হলে দুই বোর্ডকেই বেশ প্রস্তুতি নিতে হবে। তাই খুব বেশি দেরি করতে চায় না কোনো পক্ষই।
উপমহাদেশের দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার করোনা পরিস্থিতি সবচেয়ে ভালো। ফলে অনুশীলনও শুরু করে দিতে পেরেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ঘরের মাঠে সিরিজ আয়োজনের চিন্তাও করছে। কিন্তু বাংলাদেশে প্রেক্ষাপট ভিন্ন।
এখনো টাইগারদের অনুশীলনে ফেরানোর প্রক্রিয়াও চূড়ান্ত করতে পারেনি বোর্ড। দেশে করোনা পরিস্থিতিও বেশ খারাপ অবস্থানে। তাই নির্ধারিত সময়ে শ্রীলঙ্কা সিরিজ আয়োজনে মত দিতে বিসিবিকে অনেক বিষয়ই থাকায় রাখতে হবে। তবে সিরিজ হোক বা না হোক, নির্বাচকেরা দল নির্বাচনের কাজও এগিয়ে রাখছেন বলে খবর।
করোনাভাইরাসের কারণে বাংলাদেশের তৃতীয় ধাপের পাকিস্তান সফর এবং আয়ারল্যান্ড সফর স্থগিত হয়েছে আগেই। জুনে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়া দলের। দুই বোর্ডের সম্মতিতে স্থগিত হয় সেই সিরিজও। এখন ঝুলে আছে শ্রীলঙ্কা সফর।