পদ্মায় আকস্মিক পানি বৃদ্ধি

লৌহজংয়ে ১৩ একর জমির বাদাম পানির নিচে

পদ্মায় আকস্মিক পানি বৃদ্ধি পেয়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খড়িয়া ও রানীগাঁওয়ের ১৩ একর জমির অপরিণত বাদাম তলিয়ে গেছে। উত্তোলন শুরু হওয়ার আগেই বিস্তীর্ণ জমির বাদাম পানির নিচে চলে যাওয়ায় লোকসানের কবলে পড়েছেন চাষিরা। তা ছাড়া পদ্মাতীরের অন্য সব জমির বাদাম নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন তারা। এ উপজেলার কুমারভোগ, লৌহজং-তেউটিয়া ও কনকসার ইউনিয়নের নদীতীরের বালুকাময় ৫০ একর জমিতে বাদাম চাষ করা হয়েছে।

চলতি মৌসুমে উপজেলার পদ্মার চরের ৫০ একর জমিতে বাদাম আবাদ করেছেন চাষিরা। কুমারভোগের বাদামচাষি লাল মিয়া মোল্লা জানান, তারা ৫ জন মিলে ৪০ বিঘা জমিতে বাদাম রোপণ করেছিলেন গত পৌষ মাসে। বাদামের ফলন ভালো হওয়ায় এত দিন বেশ আনন্দে ছিলেন। কিন্তু কিছুদিন যাবৎ পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় তাদের বাদামের জমি প্লাবিত হয়ে যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, নিচু জমিতে পানি চলে আসার কারণে কৃষকের একটু অসুবিধা হবে। তবে বাদাম পানি থেকে উত্তোলন করতে পারবে। এতে কোনো সমস্যা হবে না।