নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাকি বিল্লা (২৬) নামের এক তরুণকে কুপিয়ে গুরুতর আহত করেছে ডায়াগনস্টিক সেন্টারের মালিক। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটের দক্ষিনপাশে এ ঘটনা ঘটে।
ওই তরুণকে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে, গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত কোন পক্ষই পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি বলে দেশ রূপান্তরকে জানান পূর্বধলার থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাকি বিল্লা বৃহস্পতিবার রাতে স্টেশন বাজার থেকে রিকশাযোগে পূর্বধলা বাজারে যাওয়ার পথে পূর্বশত্রুতার জেরে স্বাস্থ্য কমপ্লেক্স গেইটে রাসেল ডায়াগনোস্টিক সেন্টারের মালিক রাসেলের নেতৃত্বে কতিপয় দুর্বৃত্ত্ব গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপায়। এ খবর আহত বাকি বিল্লার গ্রামে ছড়িয়ে পড়লে শতাধিক লোক দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে হাসপাতাল গেইটে অবস্থিত রাসেল ডায়াগনোস্টিক সেন্টারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় উত্তেজিত জনতা স্টেশন বাজারের একটি ফার্মেসীতেও হামলা চালায়।
তবে, অভিযুক্ত রাসেল মুঠোফোনে জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন।
ওসি তাওহীদ আরও বলেন, অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।