লকডাউনে ইনস্টাগ্রাম থেকে কোহলির আয় ৩ লাখ ৮০ হাজার পাউন্ড

করোনাভাইরাসের সংকটের কারণে গোটা পৃথিবী থমকে গেলেও অর্থ আয় থেমে নেই টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির। লকডাউনের সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রায় ৩ লাখ ৮০ হাজার পাউন্ড হয়েছে বলে এক সমীক্ষা তুলে ধরে জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রাম থেকে আয় করা বিশ্বের সেরা ১০ অ্যাথলেটের মধ্যে কোহলিই একমাত্র ক্রিকেটার। এই তালিকায় তার অবস্থার ষষ্ঠ।

করোনাভাইরাস মহামারির সংকটে ১২ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত কোহলি ইনস্টাগ্রামে স্পন্সর পোস্ট দিয়ে মোট ৯ লাখ ৭৯ হাজার ২৯৪ পাউন্ড আয় করেছেন। প্রতি পোস্টের জন্য পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৪৩১ পাউন্ড করে। অর্থাৎ তিনটি স্পন্সর পোস্ট দিয়েই বিশাল অঙ্কের অর্থ আয় হয়েছে তারকা এই ব্যাটসম্যানের।

ইনস্টাগ্রাম থেকে আয়েও শীর্ষে জুভেন্তাসের পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। এই সময়ে তার আয় হয়েছে ১৮ লাখ পাউন্ড।

বার্সেলোনা তারকা লিওনেল মেসি ১২ লাখ পাউন্ড আয় নিয়ে আছেন দ্বিতীয়স্থানে। তৃতীয়স্থানে আছে পিএসজি তারকা নেইমার, আয় ১১ লাখ পাউন্ড।

শীর্ষ পাঁচে থাকা অপর দুই অ্যাথলেট যুক্তরাষ্ট্রের সাবেক বাস্কেটবল তারকা শাকিল ও'নিল (৫ লাখ ৮৩ হাজার পাউন্ড) ও ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড ব্যাকহাম (৪ লাখ ৫ হাজার পাউন্ড)।

আয়ের তালিকায় শীর্ষ দশে থাকা অপর চার অ্যাথলেট হলেন- সুইডিশ ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ, যুক্তরাষ্ট্রের সাবেক বাস্কেটবল খেলোয়াড় ডোয়াইন ওয়েড, ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেস ও বক্সার অ্যান্থনি জশুয়া।