সিলেটে এবার হাসপাতাল ঘুরে ঘুরে বিনা চিকিৎসায় এক আওয়ামী লীগ নেতার স্ত্রীর (৫০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মারা যাওয়া ওই নারী হলেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেনের স্ত্রী।
আখতার হোসেন জানান, বৃহস্পতিবার তার স্ত্রীর বুকে ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়। স্ত্রীকে নিয়ে তিনি দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার স্ত্রীকে দুইটি পরীক্ষা করানোর কথা বলে বাসায় পাঠিয়ে দেন।
আওয়ামী লীগ নেতার অভিযোগ, এ সময় কর্তব্যরত চিকিৎসক বলেন, টেস্টগুলোর রিপোর্ট পাওয়ার পর রোগীকে শুক্রবার নিয়ে আসবেন। শুক্রবার সকালে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবারও নর্থ ইস্ট হাসপাতালে নিয়ে ভর্তি করাতে যাই।
আখতার হোসেন বলেন, তখন কিন্তু সিট খালি নেই বলে তারা ভর্তি করতে রাজি হয়নি।
এরপর আখতার হোসেন স্ত্রীকে নিয়ে একে একে নগরীর পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল ও শামসুদ্দিন হাসপাতালে যান। কিন্তু কোথায়ও তাকে ভর্তি করা হয়নি।
পরে আখতার হোসেন তার পরিচিত একজন নার্সের পরামর্শে ২০ হাজার টাকা দিয়ে একটি অক্সিজেন সিলিন্ডার কিনে বাসায় নিয়ে স্ত্রীকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি। শনিবার দুপুরে আখতার হোসেনের স্ত্রী মারা যান।
আহজারি করে আখতার হোসেন বলেন, ‘আমরা বড় অসহায় হয়ে গেছি। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে যদি রোগীরা চিকিৎসা না পায়, তাহলে এই শহরে এত এত হাসপাতাল দিয়ে কী হবে।’
তিনি এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
গত এক সপ্তাহে সিলেটে একইভাবে হাসপাতাল ঘুরে ঘুরে চিকিৎসা না পেয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।