পরীক্ষায় ফেল করে হোটেলে আত্মগোপন!

মায়ের জমানো টাকা নিয়ে এসএসসি পরীক্ষার ফলাফল দেখতে বের হন এক শিক্ষার্থী। ফল দেখে জানতে পারেন সে অকৃতকার্য। এরপর বাসায় না ফিরে হোটেলে উঠে আত্মগোপন করে থাকেন।

শনিবার রাতে তাকে চট্টগ্রামের চকবাজার এলাকার একটি হোটেল থেকে উদ্ধার করে পুলিশ। গত ৩১ মে রাত পর্যন্ত ছেলের খোঁজ না পেয়ে না তার বাবা নগরীর কোতোয়ালি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, ছেলেটি রেজাল্ট আনতে গিয়ে নিখোঁজ হয়। সে ‘অপহৃত’ হয়েছে দাবি করে অনেকে ফেইসবুকে পোস্টও দিয়েছে।

সিএমপি কমিশনার মহোদয়ের নির্দেশনায় কোতোয়ালি জোনের সিনিয়র সহকারী কমিশনার নোবেল চাকমার তত্ত্বাবধানে পুলিশ গুরুত্ব দিয়ে ঘটনাটির তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার রাত আটটার দিকে অলি খাঁ মসজিদ মোড় এলাকার হোটেল চক ইন এর একটি কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে সে জানায়, এসএসসি পরীক্ষায় ফেল করায় সে তার মার রাখা ৭ হাজার টাকা নিয়ে বাসা হতে পালিয়ে হোটেল চক ইন এ আত্মগোপনে থাকে। সে নিজে বা অন্য কারো মাধ্যমে বাবার কাছ হতে কোন টাকা চায়নি এবং তাকে কেউ অপহরণ করেনি।

ওসি আরও জানান, ছেলেটিকে উদ্ধার করে তার মা-বাবার কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।